গ্রাহকদের ক্ষতিপূরণ দেয়াই আমাদের মূল লক্ষ্য : ইভ্যালির নতুন পরিচালনা বোর্ড

নজর২৪ ডেস্ক- প্রতারিত গ্রাহকদের জন্য ক্ষতিপূরণের উপায় বের করাই আদালত গঠিত ইভ্যালির পরিচালনা বোর্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

 

বুধবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানান, প্রতারণার সাথে সরকারের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে।

 

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দুই কর্ণধার কারাবন্দি থাকার প্রেক্ষাপটে সোমবার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির জন্য পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককে বোর্ডের প্রধান করা হয়েছে।

 

বোর্ডের বাকি সদস্যরা হলেন— সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডি থাকা অতিরিক্ত সচিব মাহবুবুল করিম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

 

বোর্ড প্রধান শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এই কমিটিতে আরও অনেকেই আছেন। তাদের সঙ্গে বসে সবার ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের নির্দেশনার আলোকে আমরা কাজ করব।

 

জানতে চাইলে ইভ্যালির অন্তবর্তীকালীন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়া অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন বলেন, ‘প্রথমে ইভ্যালির অফিস কোথায় আছে, কী অবস্থায় আছে— আমরা এগুলো দেখব। আগে আমরা যাই। কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করি। তারপর আমাদের কর্মপদ্ধতি কী হবে, তা ঠিক করা হবে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমাদের পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *