দ্রুত অ্যাকশন নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ: মন্ত্রিপরিষদ সচিব

নজর২৪, ঢাকা- সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

তিনি বলেন, ঘটনার যারা সূত্রপাত ঘটিয়েছে, তাদের বিষয়ে স্ট্যান (তাৎক্ষণিক) অ্যাকশন (ব্যবস্থা) নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।

 

কুমিল্লার বিষয়ে খুব কুইকলি একটা ফাইন্ড আউট হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

 

মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে জেলা-উপজেলা প্রশাসন কাজ করে, এখানে কি কোনো ঘাটতি আছে- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ কেবিনেট মিটিংয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এটা আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) যে এটা স্ট্যান অ্যাকশনে যেতে হবে, যারা এর সঙ্গে জড়িত, তাদের অবশ্যই ধরতে হবে। পাশাপাশি জনগণকে একটু ধৈর্য্য ধরতে হবে, রিঅ্যাকশন করা যাবে না। আমার কোরআনের যদি কেউ অবমাননা করে, কোরআন আমাকে অথরিটি দেয়নি যে ঘরবাড়ি ভাঙব, সেটা ঠিক না। এটা অপরাধ। ধর্ম নিয়ে অবমাননাকর কিছু করা হলে প্রতিবাদ করতে পারি, সরকারের কাছে শাস্তির দাবি জানাতে পারি, কিন্তু ধ্বংসাত্মক কাজ করব, এটা সম্পূর্ণ আন-এক্সেপস্টেবল, এটা ঠিক না। ইসলামে যেটা সবচেয়ে বড় অপরাধ, ফিতনা।

 

আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে স্ট্যান অ্যাকশন নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব জড়িতদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। পাশাপাশি ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলা হয়েছে, ছোটখাট টুয়িস্টিং কেউ করলেই যে এভাবে রিঅ্যাকশন করতে হবে, এটা করা যাবে না, যোগ করেন সচিব।

 

রংপুরে ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাসস্থানসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আজ তথ্যমন্ত্রী যাচ্ছেন, উনি ফিরলে বিস্তারিত জানা যাবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী রেগুলার ব্রিফ করছেন অ্যাকশন নেওয়ার জন্য। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। কাল রাতেও আমরা বসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *