নজর২৪, মাগুরা- মাগুরার সদর উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আপন দুই ভাই সবুর ও কবির, তাদের আপন চাচাত ভাই রহমান এবং অপর গ্রুপের ইমরান। তাদের সবার বাড়ি দক্ষিণ জগদল গ্রামে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত চারজনের মরদেহ মাগুরা সদর হাসপাতালে আনা হয়েছে। হাসপাতাল এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো রোগীর স্বজনকে এখন হাসপাতালে ঢুকতে দেয়া হচ্ছে না।
স্থানীয় লোকজন জানান, ১১ নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে। এই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সবুর ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
