সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের সায়দাবাদের মুলিবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি প্রাইভেটকার।

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের পাশে ঘটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

জানা যায়, নলকা সেতু মেরামতের কারণে ৩দিন ধরে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট বিরাজ করছে।

 

প্রত্যাক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ঘন্টার পর ঘন্টা দুঃসহ যানজট থেকে পরিত্রাণ পেতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় টোয়োটা কোম্পানির সিলভার রঙের ঢাকা মেট্রো-গ ৩৭-৭৯৭০ নাম্বারের একটি প্রাইভেটকার সায়দাবাদের মুলিবাড়ি ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের রাস্তার স্লিপারের সাথে আটকে যায়।

 

এসময় প্রাইভেটকারে চালক ও একজন যাত্রী ছিল। পরে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আসতে দেখে চালক ও যাত্রী দ্রুত প্রাইভেটকার থেকে নেমে পরে। তারপর ট্রেনটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা মেরে স্থানটি অতিক্রম করে। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

 

স্থানীয়রা জানায়, দীর্ঘ যানজট থেকে বাঁচতে হয়তো চালক বিকল্প সড়ক হিসেবে সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এসময় গাড়ির চালক ও যাত্রীকে দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি।

 

দুর্ঘটনার পর ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *