Home প্রধান খবর কুমিল্লায় পূজামণ্ডপ থেকে ফেসবুক লাইভে উত্তেজনা ছড়ানো ফয়েজ আটক

কুমিল্লায় পূজামণ্ডপ থেকে ফেসবুক লাইভে উত্তেজনা ছড়ানো ফয়েজ আটক

0
98

নজর২৪ ডেস্ক- কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার অভিযোগ ফেসবুক লাইভে করা ফয়েজ উদ্দীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ছাড়া শহরজুড়ে বিভিন্ন মণ্ডপে ভাঙচুরের ঘটনায় আটক হয়েছেন ৪২ জন।

 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে নগরীর নানুয়ার দীঘির পাড়ের আলোচিত মণ্ডপ এলাকা পরিদর্শন করেন।

 

এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, মণ্ডপে কোরআন শরিফ পাওয়া গেছে, এমন তথ্য দিয়ে বুধবার সকালে ফেসবুকে লাইভ করেন ফয়েজ উদ্দীন। এরপর দ্রুত সেটি ভাইরাল হয়, ছড়িয়ে পড়ে উত্তেজনা।

 

ডিআইজি আনোয়ার সাংবাদিকদের জানান, পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শহরে (বুধবার) যেখানে যা হয়েছে, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

ডিআইজি বলেন, ‘এ ঘটনার পরই দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিও দেখলে বোঝা যায়, একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিশেষভাবে ঘটনাস্থল থেকে যে লোক (ফয়েজ উদ্দীন) ভিডিও করে ছড়িয়ে দিয়েছে, তাকে আটক করা হয়েছে। সে কোনো দলের কর্মী কি না তাও যাচাই করা হচ্ছে।’

 

তিনি বলেন, ঘটনাটি অবশ্যই উসকানিমূলক। এ ঘটনায় কুমিল্লায় মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। এখনো এ ব্যাপারে মামলা হয়নি।

 

এদিকে সংহিসতা ছড়ানোর ঘটনায় কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের দুর্গামণ্ডপ পরিদর্শন করেছে আওয়ামী লীগের পর্যবেক্ষক দল। আজ দুপুরে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের নেতৃত্বে পর্যবেক্ষক দলে ছিলেন দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ এমপি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা খানমসহ কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

এ সময় হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, বাংলাদেশের সব ধর্মের লোকজনই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। হঠাৎই একটি দেশদ্রোহী চক্র দেশবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করতে এখানে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।

 

পরে আওয়ামী লীগের পর্যবেক্ষক দল কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here