নাসির-তামিমার বিরুদ্ধে সমন জারি করল আদালত

নজর২৪, ঢাকা- ক্রিকেটার নাসির হোসেন ও এয়ারলাইন্স কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী সহ তিনজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

 

এ সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন। নাসির-তামিমা ছাড়াও অপর ব্যক্তি হলেন তামিমার মা সুমি আক্তার।

 

মামলার বাদী তামিমার আগের স্বামী রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়। আদালত নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

 

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এই প্রতিবেদনে নাসির ও তাম্মির বিয়ে আইন অনুযায়ী বৈধ হয়নি।

 

প্রতিবেদনে বলা হয়, তামিমার আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দেয়া সংক্রান্ত কাগজপত্র জালজালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসিরকে বিয়ের আগে রাকিবকে ডিভোর্স দেননি তামিমা। তাই নাসির-তামিমার বিয়ে আইনত অবৈধ।

 

এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদী পক্ষ।

 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী দাবি করে রাকিব হাসান মামলাটি করেন। মামলায় আগের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় অভিযোগ আনা হয়।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানেন।

 

মামলায় আরও বলা হয়, তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশু কন্যা মানসিকভাবে বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরম মানহানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *