নজর২৪, ঢাকা- এ বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে এতোদিন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে শিক্ষাবোর্ডগুলোও এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি। তবে আজ এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মনে হয় না জেএসসি নেবার সুযোগ পাব। সামনেই এসএসসি-এইচএসসি আছে। তবে আমাদের শ্রেণি সমাপনীটা সব ক্লাসে হবে। সেটা অষ্টম শ্রেণিরও হবে।’
পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, ‘প্রত্যেক শ্রেণিতে যে মূল্যায়ন হয় সে মূল্যায়নটা হবে। অ্যাসাইনমেন্ট চলছে; সময় যা আছে আলাদা করে বোধ হয় এবার জেএসসি পরীক্ষা নেয়ার সুযোগ আর থাকছে না। যদিও আমাদের প্রস্তুতি ছিল।’
শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের তাগিদ দেন শিক্ষামন্ত্রী। বলেন, ‘প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।’
