ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার

নজর২৪, ঢাকা- ১৫ দফা দাবিতে সারাদেশে ডাকা কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।

 

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

 

বৈঠক শেষে ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আলোচনায় আমরা সন্তুষ্ট, কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান সম্ভব সেগুলো সমাধান করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর বাকিগুলো যাচাই বাছাই করে পরে ব্যবস্থা নেয়া হবে।’

 

দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ জন নেতা অংশ নেন। বিকেল পৌনে তিনটায় বৈঠক শেষ হয়।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু হয়। তিনদিন অর্থাৎ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলার কথা ছিল। ধর্মঘটের কারণে ইতোমধ্যে বন্দরগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *