ভোট কেন্দ্রে নির্বাচনের ফলাফল সিট ছিনতাই, ৭ জন আটক

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে নির্বাচনী ফলাফল না মেনে প্রিসাইডিং অফিসারের টেবিলে থেকে প্রিন্ট করা নির্বাচনী ফলাফলের সিটের পাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কবিরহাট সরকারি কলেজের ১ নং ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন- কবিরহাট পৌরসভার জৈনপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে দিলদার হোসেন (২৬), একই গ্রামের এন্তাজ মিয়ার ছেলে মো. ইব্রাহীম খলীল (৩৫), জেবল হকের ছেলে মো.জহির উদ্দিন (৪০), মো. হোসেনের ছেলে মো.বাবুল (৩৬), আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ আল হাসান পারভেজ (২০), মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. গোলাম সারোয়ার (৫২) ও পূর্ব ফতেপুর গ্রামের আলা উদ্দিন রিপনের স্ত্রী সালেহা আক্তার।

 

স্থানীয় সূত্র জানায়, কবিরহাট পৌরসভা নির্বাচনে কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে বিকেল ৫টার দিকে নির্বাচনী ফলাফল না মেনে প্রিসাইডিং অফিসারের টেবিলের সামনে থেকে প্রিন্ট করা নির্বাচনী ফলাফলের সিটের পাতা নিয়ে চলে যায় আটককৃতরা। পরে তাৎক্ষণিক পুলিশ তাদের আটক করে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন শেষে ফলাফল না মেনে ফলাফল সিট প্রিসাইডিং কর্মকর্তার টেবিল থেকে নিয়ে যাওয়ার অভিযোগে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

ওসি টমাস বড়ুয়া আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *