দুর্গাপুজা উপলক্ষে ভারতকে ২০৪০ টন ইলিশ উপহার দিচ্ছে বাংলাদেশ

নজর২৪ ডেস্ক- দুর্গাপুজার আগেই পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিচ্ছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশ থেকে এ রাজ্যে দু’হাজার আশি মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। ধাপে ধাপে ওই ইলিশ এ রাজ্যে পৌঁছবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

এ নিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে বলে জানিয়েছে সরকার। খবর- আনন্দবাজারের

 

বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানিতে অনুমতি দেওয়া হয়েছে। ৫২টি বাণিজ্যিক সংস্থা ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে।

 

ধাপে ধাপে ওই ইলিশ সীমান্ত পেরিয়ে এ রাজ্যের বাজারে এসে পৌঁছবে। মঙ্গলবার এবং বুধবার থেকে ওই ইলিশ পৌঁছতে পারে কলকাতার ক্রেতাদের হাতে।

 

বাংলাদেশ থেকে পদ্মার ওই বিপুল পরিমাণ ইলিশ এ রাজ্যে আসার খবরে স্বাভাবিক ভাবেই খুশি বাঙালি। তবে ওই ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

 

২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। তবে মাঝে মাঝে পুজোর আগে ইলিশ এসেছে। গত বছর প্রায় ৫০০ টন ইলিশ এসেছিল। তবে এত বিপুল পরিমাণ ইলিশ শেষ কবে এ দেশে এসেছে, তা মনে করতে পারছেন না অনেকেই।

 

বিক্রেতাদের একাংশের মতে, এই মুহূর্তে বাজারে ছোট ইলিশ পাওয়া যাচ্ছে। তা অনেকে নিমরাজি হয়েই কিনছেন। বিক্রেতাদের আশা, বাংলাদেশ থেকে বড় ইলিশ এলে তাঁদের বিক্রি বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *