স্পোর্টস আপডেট ডেস্ক- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়কার নিয়মিত মুখ নাসির হোসেন। সর্বশেষ দেশের হয়ে খেলেছেন প্রায় সাড়ে তিন বছর আগে।
এরপর থেকে জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন তিনি। প্রতি মৌসুমে ফেরার চেষ্টার কথা জানালেও এখনো নাগালের বাইরেই রয়ে গেছে জাতীয় দল।
তবে আরেকবার নতুন করে স্ত্রী তামিমা তাম্মির ইচ্ছাপূরণের জন্য জাতীয় দলে ফেরার চেষ্টায় নেমেছেন নাসির।
জাতীয় দলের মিস্টার ফিনিশারখ্যাত নাসির গত ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তার স্ত্রী জানিয়েছিলেন, তার ইচ্ছা হলো নাসির আবার জাতীয় দলে ফিরুক।
করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর স্থবির থাকলেও আগামী মাস থেকে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লিগ।
স্ত্রীর ইচ্ছাপূরণে এই টুর্নামেন্টে ভালো করতে চান তিনি। ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট খেলেই ফিরতে চান জাতীয় দলে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর একাডেমি ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন নাসির। সেসময় প্রসঙ্গক্রমে উঠে আসে তার স্ত্রীর ইচ্ছেপূরণের কথা।
নাসির জানান, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ সম্ভব।
তিনি বলেন, ‘ফেরার জন্য আসলে অনুশীলনের কোনো বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। করোনায় অনুশীলনের জন্য উইকেট পাইনি। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাব। তো ব্যাটিং-বোলিং দুইটাই হবে।
‘যতদিন ক্রিকেট খেলব চেষ্টা করব জাতীয় দলে ফিরতে। এটা সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন।’
২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া নাসির অল্প সময়ে নির্বাচকদের পছন্দ হয়ে ওঠেন। দারুণ ফিল্ডিং ও কার্যকরী ব্যাটিং তো ছিলই, বল হাতে ব্রেক থ্রু এনে দিতেন দলকে। জাতীয় দলের একসময়কার এই ইউটিলিটি ক্রিকেটার এখন দলের আশপাশেও নেই।
৩০ বছরের নাসিরের জন্য জাতীয় দলের দরজা খোলাটা সহজ হবে না, তা বলাই বাহুল্য। তবে হাল ছাড়ছেন না নাসির।
নিজের ইচ্ছার পাশাপাশি স্ত্রীর প্রত্যাশা অনুপ্রেরণা জোগাচ্ছে তাকে। একই সঙ্গে ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান এই তারকা ক্রিকেটার।
বলেন, ‘ভক্তদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফিরে দিতে চাই। তারা সব সময় আমাকে সমর্থন করে আসছেন। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি।’
