স্পোর্টস আপডেট ডেস্ক- আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষে দীর্ঘদিন ধরে অবস্থান করলেও টি-টোয়েন্টিতে সেই ধারা বজায় রাখতে পারেননি সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকায় দীর্ঘ ৩ বছর পর সংক্ষিপ্ত এ ফরম্যাটে র্যাঙ্কিংয়ের চূড়ায় বসেছিলেন দেশসেরা এ ব্যাটসম্যান। এখন সে জায়গা দখল করে নিয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।
সম্প্রতি আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে দুইয়ে চলে গেছেন সাকিব। নিউজিল্যান্ড সিরিজে ফর্মের অবনমন হওয়ায় রেটিং হারান তিনি। বর্তমানে ওয়ানডের সেরা এ অলরাউন্ডারের রেটিং ২৭৫। আর ২৮৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন আফগান ক্রিকেটার নবি।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে সিরিজ জয়ী অপরাজিত ৪৩ রান ও শেষ টি-টোয়েন্টিতে ২৩ রান করা মাহমুদউল্লাহ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দশম স্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ১৩০।
এছাড়াও টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে আছেন মোস্তাফিজুর রহমান। তবে এই তালিকায় তার আগের সাতজন বোলারই স্পিনার হওয়ায় কাটার মাস্টারকে বর্তমান টি-টোয়েন্টির সেরা পেসার বলাটা মোটেও অত্যুক্তি হবে না।
