তুরস্কের জনগণকে আমরা মুসলিম ভাই হিসেবে দেখি: তালেবান মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক- তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী আফগানিস্তান দখলে নেওয়া তালেবান। এ আগ্রহের কথা জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র সোহাইল শাহীন। তিনি বলেন, ‘মুসলিম হিসেবে আমরা তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি।’

 

তুরস্কের হাবেরলের ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহাইল শাহীন এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

 

আফগানিস্তানের সঙ্গে তুরস্কের গভীর সম্পর্কের কথা পুনরুল্লেখ করে তালেবানের মুখপাত্র বলেন, আমরা তুরস্কের সঙ্গে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী। আফগানিস্তানে কাজ করা তুরস্কের প্রকৌশলী এবং অন্যরা অনেক অবদান রেখেছেন। আমরা ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করতে চাই।

 

তিনি বলেন, সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হলো— শিক্ষা, অর্থনীতি পুনর্গঠন ও বিনিয়োগ।

 

তুরস্কের পররাষ্ট্রনীতি শাহীন কীভাবে দেখেন জানতে চাইলে তালেবানের মুখপাত্র বলেন, আমরা একে সম্মান করি। প্রতিটি দেশই তার নিজস্ব নীতি প্রণয়নের অধিকার রাখে। তালেবান পারস্পরিক স্বার্থ ও লক্ষ্যে মনোনিবেশ করতে চায়।

 

শাহীন বলেন, তুরস্ক তালেবানের প্রতি যেমন আচরণ করবে, আমরাও প্রতিদানে ঠিক তেমনটাই করব। যদি তুরস্ক তাদের ‘মুসলিম ভাই’ হিসেবে আমাদের দেখে, তবে তালেবান তাদের ক্ষেত্রেও এমন দৃষ্টিভঙ্গি পোষণ করবে এবং এ বিষয়টিকে সাধুবাদ জানাবে।

 

‘মুসলিম হিসেবে আমরা তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি’, যোগ করেন শাহীন।

 

গত সপ্তাহে আফগানিস্তানে নতুন সরকার তৈরির ঘোষণা করেছে তালেবান। ইতোমধ্যে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে চীন, পাকিস্তান, রাশিয়া, কাতার, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ। তবে বিশ্বের অধিকাংশ দেশই এখনও সেই পথে হাঁটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *