ই-অরেঞ্জের অন্যতম মালিক সেই ওসি সোহেল রানা ভারতে আটক

নজর২৪ ডেস্ক- ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান ই-অরেঞ্জের অন্যতম মালিক বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) সদস্যরা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাকে আটক করেছেন।

 

শনিবার ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় একাধিক চাঞ্চল্যকর তথ্য দেন তিনি।

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, আটকের সময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল এবং এটিএম কার্ড জব্দ করা হয়েছে। শনিবার মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে বিএসএফ।

 

বিএসএফের হাতে আটক সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতকারী বাংলাদেশের বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। বনানী থানার এই পুলিশ পরিদর্শকের বোন ও ভগ্নিপতি ই–কমার্স প্রতিষ্ঠান ‘ই–অরেঞ্জ’ পরিচালনা করতেন।

 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন্স) লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, ‘আমরা বিএসএফের কাছ থেকে এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য পাইনি। তবে আমরা শুনেছি সোহেল রানা ভারতে আটক হয়েছেন।’

 

সোহেল রানা শুক্রবার থেকে কর্মস্থলে অনুপস্থিত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘তিনি গতকাল থেকে অফিস করছেন না। কোথায় আছেন এবং তার সর্বশেষ অবস্থান আমাদের জানা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *