দুর্বার গণআন্দোলনের প্রস্তুতি নিন: মির্জা ফখরুল

fokrul anrwr4w

নজর২৪, ঢাকা- দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজন্যে সকলে প্রস্তুতি নিন।

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন, গণঅভ্যুত্থান গড়ে তুলি। যার মাধ্যমে পরাজিত হবে এই স্বৈরাচারী, কর্তৃত্ববাদী সরকার। বিজয় হবে জনগণের। এজন্যে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই যুদ্ধে জয়লাভ করতে হবে। যার মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন, যা বড় পর্দায় দেখানো হয়।

 

বিএনপির মহাসচিব বলেন, এ দেশের মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, শেখ হাসিনার সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

 

মির্জা ফখরুল বলেন, বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশের স্বাধীনতার ইতিহাস। এই ৪৩ বছরের ইতিহাস হচ্ছে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশকে, এই রাষ্ট্রকে, এই জাতিকে একটা অস্তিত্ব প্রদানের ইতিহাস। ১৯৭১ সালের যে স্বাধীনতা যুদ্ধের শুরুর ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেই ঘোষণার মধ্যে দিয়ে তিনি আমারে একটা যুদ্ধে ঝাপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন। জাতিকে নির্মাণ করার স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি আমাদের একটা স্বাধীন জাতি হিসেবে নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

বিএনপির মহাসচিব বলেন, আমাদের আওয়ামী লীগ বন্ধুগণ সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে। আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করে। আমাদের গণতন্ত্রের যিনি নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করার চেষ্টা করে। কিন্তু তারা নিজেদের যদি একবার জিজ্ঞাসা করে যে তাদের অবদান কী এই দেশের জন্যে? তাদের অবদান হচ্ছে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ, তাদের অবস্থান হচ্ছে ভারতে গিয়ে পালিয়ে নেতা সাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *