আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পাঁচটির মতো রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। কাবুল সময় সোমবার ভোরে এ হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করেছে।
আফগানিস্তানের রাজধানী থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রায় শেষের দিকে থাকার মধ্যেই রকেট ছোড়া হলো বিমানবন্দরে।
কাবুল বিমানবন্দর বর্তমানে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিমানবন্দর থেকে সামরিক-বেসামরিক লোকজন সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। কাল ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের শেষ দিন। শেষ মুহূর্তে লোকজনকে সরিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
গতকাল মার্কিন বাহিনী আফগানিস্তানে আবার ড্রোন হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ভাষ্য, কাবুলে চালানো এই ড্রোন হামলায় কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। তারা হামলার উদ্দেশ্যে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএসকেপির জঙ্গিদের নিশানা করে মার্কিন ড্রোন হামলার কয়েক ঘণ্টার মাথায় কাবুল বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছোড়া হলো।
আফগানিস্তানের আগের প্রশাসনে কাজ করা এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কাবুলের উত্তর দিক থেকে এই রকেটগুলো ছোড়া হয়। একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কাবুল বিমানবন্দর লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে।
কাবুল বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। কাবুলের অধিবাসীরা এই প্রতিরোধব্যবস্থা কার্যকর হওয়ার শব্দ শুনেছেন। তাঁরা আরও জানিয়েছেন, কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া রকেট ঠেকিয়ে দিয়েছে সেখানে স্থাপিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। তাঁরা আকাশে রকেট ঠেকানোর আলামত দেখেছেন।
কাবুল বিমানবন্দরে স্থাপিত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সব কটি রকেট ঠেকিয়ে দিতে পেরেছে কি না, তা পরিষ্কার নয়। এ ছাড়া এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
কাবুল বিমানবন্দর লক্ষ্য করে কারা রকেট ছুড়েছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে কাবুলে আইএসকেপি আরও হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আসছিল যুক্তরাষ্ট্র।
