নজর২৪, ঢাকা- প্রতিপক্ষের কাছে খাবার সরবরাহ করায় একটি রেস্তোরাঁয় তালা মারার অভিযোগ উঠেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে।
রোববার বিকেল ৫টার দিকে আবদুল কাদের মির্জার নেতৃত্বে বসুরহাটের রুপালী চত্বর সংলগ্ন এলাকায় ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। হোটেল মালিক মো. সুরুজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বসুরহাট বাজারের দিন থাকায় লোক সমাগম বেশি ছিল। বিকেল ৫টার দিকে মেয়র কাদের মির্জা পৌরসভা থেকে ৩০-৪০ জন অনুসারী নিয়ে হোটেলের সামনে এসে মালিক পক্ষকে গালিগালাজ করতে থাকেন। পরে ভেতরে নাস্তা খেতে আসা হোটেল ভর্তি লোকজনকে বের করে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেন।
ফেন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সুরুজ মিয়া বলেন, ‘বিকাল ৫টার দিকে পৌরসভার মেয়র কাদের মির্জা হোটেলে এসে বলেন আমার হোটেল থেকে কে, কোথায়, কার জন্য খাবার নেওয়া হয় সবই তার জানা আছে। এসব কথা বলে বিকেল ৫টার দিকে গালাগালি করে হোটেল বন্ধ করে চলে যায় কাদের মির্জা।’
এ অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মোবাইল ফোনে কল করলে তার ব্যক্তিগত সহকারী রিসিভ করেন। তিনি বলেন, ‘মেয়র এখন কথা বলতে পারবেনা। পরে ফোন করেন।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, তার কাছে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে তিনি বিষয়টি মিডিয়া কর্মীদের মাধ্যমে জেনেছেন। বিষয়টি তিনি থানায় গিয়ে খবর নিবেন।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর বলেন, ‘আমার অনুসারীরা বাড়িতে এলে প্রায়ই ফেন্সী হোটেল থেকে খাবার কিনে নেয়া হয়। এটি কাদের মির্জার সহ্য হয়নি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে আমার বাসায় খাবার বিক্রি ও সরবরাহের অভিযোগ তুলে এ রেস্তোরাঁয় তালা মেরে দেন। এর আগেও তিনি বসুরহাটে আজমেরী হোটেলে তালা মেরে দিয়ে ছিলেন। একজন জন প্রতিনিধির এ ধরণের কাজ শোভা পায় না।’
