Home চাকরির বাজার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: ৭টি ধাপ পার হলেই মিলবে চাকরি

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: ৭টি ধাপ পার হলেই মিলবে চাকরি

0
225

নজর২৪ ডেস্ক- ফরিদপুরে নতুন নিয়মে সাতটি ধাপ অতিক্রম করে এবং স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।

 

বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে একথা জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেলালউদ্দীন ভূঁইয়া।

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করা হয়েছে।

 

এতে সাতটি ধাপ অতিক্রম করার পরেই নিয়োগ চূড়ান্ত হবে। এই সাতটি ধাপ হলো- প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

 

সংবাদ সম্মেলনে ১৩ মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার সাতটি ধাপ দেখানো হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার হেলালউদ্দীন ভূঁইয়া এ সময় প্রতারক ও দালালদের ব্যাপারে সচেতন থাকতে সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরি প্রার্থীদের কাছ হতে প্রতারণা করে চাকরি পাইয়ে দেয়ার নাম করে টাকা-পয়সা হাতিয়ে নিতে না পারে, সেজন্য জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে।

 

হেলালউদ্দীন ভূঁইয়া বলেন, গোয়েন্দাতথ্যের ভিত্তিতে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের মাধ্যমে এবং অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহার করে এ ব্যাপারে সচেতনতা তৈরি করা হবে।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, বানা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানসহ থানা পুলিশের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here