প্রধানমন্ত্রী বললে কালকেই সব স্কুল খোলা

নজর২৪, ঢাকা- দেশের সকল প্রাথমিক বিদ্যালয় খুলে দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বলেছেন, প্রধানমন্ত্রী আজকে বললে কালকেই খুলে দেয়া হবে স্কুলগুলো।

 

সচিবালয়ে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘সিচুয়েশনটা একটু স্বাভাবিক হলেই আমরা খুলে দেব। আমাদের সকল প্রস্তুতি আছে স্কুল খোলার।’

 

কবে নাগাদ খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলতে পারব না, কবে নাগাদ। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে, আমাদের যদি আজকে বলে আমরা কালকেই প্রস্তুত আছি।’

 

মো. জাকির হোসেন বলেন, আগে আমাদের একটা পরিকল্পনা ছিল যে পার্ট পার্ট করে ক্লাস করবো। থ্রি, ফোর, ফাইভ হয়তো দুই দিন করবো। ওয়ান, টু একদিন একদিন করে করবো। এভাবে করতে চাচ্ছি।

 

তিনি বলেন, আমরা শর্ট সিলেবাসেরও একটা চিন্তা ভাবনা করছি। সেটা সমাপনীতেও ব্যবহার হবে। আমরা মূল্যায়ন করবো। কে কীভাবে কী করল, তার মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দেবে। সশরীরে পরীক্ষা যদি নিতে না পারি মূল্যায়নের ভিত্তিতে ফল দেবে। স্কুল খুলতে পারলে পরীক্ষা নেব।

 

স্কুল খোলা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা সেপ্টেম্বরে খুলতে হলে প্রস্তুতি আছে, অক্টোবরে খুলতেও প্রস্তুতি আছে। আমাদের ওয়ার্কশিট দেওয়া হচ্ছে সিলেবোস অনুযায়ী, এটিও একটি মূল্যায়ন। এই ওয়ার্কশিট দেওয়ার কারণে সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পৃক্ততা রয়েছে। ২০২০-এও মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দিয়েছি। এবার করোনা পরিস্থিতি অস্বাভাবিক থাকলে আগের বারের মতো মূল্যায়ন করা হবে।

 

স্কুল খুললে কীভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সেই নির্দেশনা দেওয়াই আছে। প্রাথমিকের ৮৫ শতাংশ শিক্ষক ইতিমধ্যে করোনার টিকা নিয়েছেন, সবাইকে টিকা দেবো।

 

এদিকে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শোক দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এজন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি।

 

তিনি বলেন, আশা করি যেভাবে সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে- এটা আমাদের জন্য সুখবর। এ নিম্নগতি থাকলে শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। ধাপে ধাপে খুলবো। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। কারণ এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।

 

দীপু মনি বলেন, সবাই শুরু থেকেই সপ্তাহে ছয়দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *