নজর২৪, ঢাকা- ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আরিফুর রহমান রঞ্জু (৪২) নামের ওই আসামিকে শুক্রবার (২০ আগস্ট) রাতে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আরিফুর কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। তার নেতৃত্বেই তখনকার বিরোধীদলের নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা চালানো হয়।’
আজ শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কে এম হাফিজ আক্তার বলেন, ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রঞ্জু। ওই বছরের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়। এ–সংক্রান্ত মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
হাফিজ আক্তার জানান, ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিলেন। রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সেখানে ছাত্রদলের নেতৃত্ব দিতেন।
