নজর২৪ ডেস্ক- বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আসামি করা হয়েছে। এ দুটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করলে আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত হতে পারেন মেয়র।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শুক্রবার (২০ আগস্ট) বলেন, এ ঘটনা নিয়ে অবশ্যই তদন্ত হবে। মামলায় মেয়রকে অভিযুক্ত করে বলা হয়েছে, তার নেতৃত্বেই এ কাজগুলো সেখানে করা হয়েছে।
তিনি বলেন, স্বাভাবিকভাবে ভালো কাজে স্থানীয় সরকার বিভাগ প্রতিনিধিদের প্রশংসিত করে। মন্দ কাজের জন্যও শাস্তির বিধান আছে। বিভিন্ন সময় অনেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। কাউকে যদি দোষী পাওয়া যায়, তাহলে সবার জন্য আইন সমানভাবেই চলবে।
মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, যদি কারো (জনপ্রতিনিধি) বিরুদ্ধে মামলা এবং চার্জশিট হয়, তাহলে আমাদের সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করার বিধান আছে। আইনে যেভাবে শাস্তির বিধান উল্লেখ আছে, এগুলো পর্যালোচনা করে যদি কিছু পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুই মামলাতেই সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।
তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর নির্দেশে হামলার ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গত বুধবার রাতে বাসভবনে হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ছাড়া সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরির্দশক (এসআই) মো. জামাল বাদী হয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।
বরিশাল সিটি করপেরেশনের মেয়রকে আসামি করে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ মিঞা।
তিনি বলেন, বুধবার রাতে সরকারি বাসভবনে হামলা–ভাঙচুরের অভিযোগ এনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বাদী হয়ে ২৮ জনের নামে ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় হুকুমের আসামি (নির্দেশদাতা) করা হয়েছে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
