নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন সালেহ

saleh 52342

আন্তর্জাতিক ডেস্ক- রাজধানী কাবুলসহ বেশিরভাগ প্রদেশ তালেবানের দখলে যাওয়ার দুই দিন পর আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের ‘বৈধ ও সাংবিধানিক’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।

 

কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে চলে যাওয়া এই ভাইস প্রেসিডেন্ট আজ মঙ্গলবার নিজেকে দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি।

 

এক টুইট বার্তায় আমরুল্লাহ লেখেন, ‘আফগানিস্তানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালিয়ে যাওয়া, পদত্যাগ বা মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। বর্তমানে আমি দেশেই আছি এবং আমিই বৈধ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। আমি সব নেতার সমর্থন পেতে এবং ঐক্য গড়ে তুলতে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

 

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার আগে এক টুইট বার্তায় আমরুল্লাহ জানান, তালেবানের বিপক্ষে প্রতিরোধ গড়ার ক্ষেত্রে তিনি কখনোই সাহস হারাবেন না। কোনো অবস্থাতে তালেবানের কাছে হার মানবেন না।

 

এ সময় আফগান জনগণকে তালেবানবিরোধী প্রতিরোধে যোগ দেয়ার আহ্বান জানান দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক এই প্রধান।

 

এদিকে, আমরুল্লাহ সালেহ যখন নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন তার ঠিক কিছুক্ষণ আগে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও উপনেতা মোল্লা আব্দুল গনি বারাদার কাতার থেকে আফগানিস্তানের কান্দাহারে পৌঁছেছেন।

 

মোল্লা বারাদার তালেবান সরকারের প্রধান হিসেবে আফগানিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।

 

তালেবানের এক মুখপাত্র টুইটবার্তায় বলেন, ‘বারাদার ও তালেবানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাতার থেকে আজ দুপুরে প্রাণপ্রিয় মাতৃভূমিতে পৌঁছান।’

 

রোববার রাজধানী কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ হাতে আসে তালেবানের। তালেবানের ভয়ে আফগানিস্তান ছাড়ছে হাজার হাজার আফগান। অন্য দেশে আশ্রয়ের উদ্দেশ্যে সোম ও মঙ্গলবার কাবুল বিমানবন্দরে ভিড় করে শত শত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *