নজর২৪ ডেস্ক- দেড় বছর ধরে করোনার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে এ বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারছেন না শিক্ষামন্ত্রী দীপু মনি। জানালেন, এ বিষয়ে তিনি সবসময়ই ভাবছেন, পরিকল্পনা করছেন।
রোববার (১৫ আগস্ট) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে, এমন প্রশ্নে দীপু মনি বলেন, ‘আমরা সবসময় ভাবছি, আজকে নতুন করে ভাববার কিছু নেই, আমরা আগে থেকেই ভাবছি, পরিকল্পনা করছি। আর সেগুলো বাস্তবায়ন করছি। যেখানে যতটুকু সম্ভব, পরিস্থিতি যতখানি এলাও করছে আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন করোনার যে সংক্রমণের হার, মৃত্যুর হার। সমস্ত কিছু মিলিয়ে যে অবস্থা, সে বিবেচনায় কবে নাগাদ আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব সেটি বলার কোনো সুযোগ আমাদের কাছে নেই আসলে।
‘করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার এখন নিম্নগামী। কাজেই আমরা আশা করি, সবাই যদি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে মৃত্যুর হার আরও নেমে যাবে। বিশেষজ্ঞরা যেমন বলেন যে শনাক্ত হার শতকরা ৫ ভাগ বা তার কম হলে তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়।’
ব্যাপকহারে করোনারোধী টিকা কার্যক্রম শুরু হওয়ায় শনাক্ত হার ৫ শতাংশে না নামলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলে ইঙ্গিত শিক্ষামন্ত্রীর।
উল্লেখ্য, দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় তা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
জনজীবন স্বাভাবিক রাখা এবং অর্থনীতির চাকা সচল রাখার লক্ষ্যে এরই মধ্যে নানা ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে চালু হয়েছে শিল্প কারখানা, গণপরিবহন এবং খুলে দেয়া হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। তবে এখনো বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
