নজর২৪ ডেস্ক- বোট ক্লাব মামলার তদন্তের স্বার্থে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণির, এরপর তা প্রেমে পরিণতি পায়, নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন তাঁরা। এমনকি পরস্পরের বাড়িতেও নিয়মিত যাতায়াত ছিল তাঁদের। সাকলায়েনের বাসভবনের সিসিটিভি ফুটেজেও বিষয়টির সত্যতা মিলেছে।
মাদকসহ গ্রেফতার পরীমনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে চারদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষ হওয়ায় আজ মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে। তদন্ত সংশ্নিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে সমকালকে।
রিমান্ডে ডিবির কর্মকর্তা সাকলায়েনের বিষয়েও পরীমণিকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরীমণি জিজ্ঞাসাবাদে বলেছেন, সাকলায়েনকে পছন্দ করেন তিনি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। সুযোগ পেলে সাকলায়েনের সঙ্গে দেখা করতে চান।
এদিকে পরীমণিকে নিয়ে সাকলায়েন তার সরকারি বাসায় ১৮ ঘণ্টা অবস্থানের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কাজ করেছে। সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, চারদিনের রিমান্ড শেষ হওয়ায় মঙ্গলবার পরীমণিকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
জানা গেছে, বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে পরিচয় ডিবি কর্মকর্তা সাকলায়েনের। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন তিনি। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। সর্বশেষ নায়িকা সাকলায়েনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা সময় কাটান।
পরীমনি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। ফুটেজটি সাকলায়েনের সরকারি বাসভবনের।
সেখানে দেখা গেছে, রাজাবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রংয়ের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রংয়ের জামা পরে নামেন নায়িকা পরীমনি।
রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় ১৮ ঘণ্টা পর রাত দেড়টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরীমনির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরীমনির পরনে ছিল কালো রংয়ের পোশাক।
