পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা

নজর২৪, মুন্সিগঞ্জ- মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় একটি রো রো ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে।

 

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, বাংলাবাজার ঘাট থেকে আসার পথে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরির কয়েকজন যাত্রী আহত হন। ফেরিতে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে।

 

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব বলেন, ‘পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে আছে। ফেরিতে যত গাড়ি ছিল সেগুলো শিমুলিয়া ঘাটে নামানো হয়েছে। ফেরিতে থাকা একটি ট্রাক পাশের প্রাইভেটকারের উপর হেলে পড়ে। এতে প্রাইভেটকারের যাত্রীরা সামান্য আহত হয়েছে। প্রাইভেটকারটিও ক্ষতিগ্রস্ত হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *