ব্যারিস্টার সুমনের কঠোর শাস্তি চেয়ে মাঠে নামলো মুক্তিযুদ্ধ মঞ্চ, ছবিতে আগুন

নজর২৪, ঢাকা- যুবলীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বার কাউন্সিল সনদ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

রবিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

 

এসময় ব্যারিস্টার সুমনকে ‘বাটপার’ হিসেবে অভিহিত করেন বক্তারা। সমাবেশ শেষে সায়েদুল হক সুমনের ছবি পুড়িয়ে প্রতিবাদ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন, সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, শাহীন মাতবর, ফরহাদ হোসেন, রোমান হোসাইন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে সায়েদুল হক সুমনের ছবি পুড়িয়ে প্রতিবাদ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের বিরোধিতা করা মানে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে অস্বীকার করা। যুবলীগ থেকে বহিষ্কৃত ব্যারিস্টার সায়েদুল হক সুমন এই স্লোগানকে অবমাননা করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। তার বার কাউন্সিল সনদ বাতিলসহ তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

 

সাধারণ সম্পাদক আল মামুন বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাথা। জয় বাংলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা মানে বাংলাদেশকে অবমাননা করার সামিল। ব্যারিস্টার সায়েদুল হক সুমন দেশের উচ্চ আদালতের রায় এবং সংবিধান চরমভাবে লঙ্ঘন করেছেন। জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আমাদের পিতারা এ দেশ স্বাধীন করেছেন। জয় বাংলা ও জাতির পিতা বঙ্গবন্ধুকে অবমাননা কখনোই মেনে নেবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়ে আল মামুন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোতে কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তির জায়গা হবে না। সরকারের কাছে দাবি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *