নজর২৪ ডেস্ক- সাতক্ষীরা-৩ আসনের এমপি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা-২ সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে হত্যার হুমকী দেয়া হয়েছে।
ওই দুইজন প্রভাবশালী আওয়ামী লীগ দলীয় এমপি। তাদের মাথার দাম কোটি টাকা ঘোষণা করা হয়েছে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে।
তাদের হত্যার হুমকীর বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নজরে আনা হয়েছে। এদিকে, সদ্য আইডি খুলে এধরনের হুমকি দেয়া ফেসবুক আইডির মালিকের খোঁজে পুলিশ মাঠে নেমেছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা আইনশৃংঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল রোববার দুপুরে ‘আজরায়ি জান নেই’ নামক ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবার একইভাবে হুমকি দেওয়া হয়।
আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দুদিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে।
এ ব্যাপারে আ ফ ম রুহুল হক জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আর সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
এ ব্যাপারে ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। একইভাবে সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে জানানো হয়েছে, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারন ডায়েরির প্রস্তুতি নেয়া হচ্ছে।
