নজর২৪, ঢাকা- কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেয়নি সরকার। বৃহস্পতিবার (০৫ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয় আগামী ১১ আগস্ট থেকে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বিজ্ঞপ্তির পর শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয় কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১১ আগস্ট বুধবার থেকে দেশের সকল কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে। যা সত্য নয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় সেটি ৩১ আগস্ট করা হয়েছে।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়লে ২৬ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হলেও পরে বিশেষ বিবেচনায় কওমি মাদ্রাসা চালু রাখার সুযোগ করে দেয় সরকার।
তবে দ্বিতীয় ঢেউয়ে করোনা আরও বেশি ছড়িয়ে পড়ার পর সরকার কওমি মাদ্রাসাও বন্ধ রাখার নির্দেশ দেয়।
