আ.লীগের নাম ভাঙানো সেই ‘দর্জি মনির’ আটক

নজর২৪ ডেস্ক- হেলেনা জাহাঙ্গীরকে আটকের দুই দিনের মাথায় এবার আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে আরেকটি ভুঁইফোঁড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির খান ওরফে ‘দর্জি মনির’কে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রোববার রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।’

 

ফেসবুকে প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলটির অনেক নেতার সঙ্গেই তার ‘ওঠা-বসার ছবি’ আছে। অভিযোগ আছে, এর সব ছবিই ফটোশপে কারসাজি করা। তিনি ভুঁইফোঁড় সংগঠনটি খুলে বিএনপি-জামায়াত এবং তাদের ছাত্রসংগঠন ছাত্রদল-ছাত্রশিবিরের অনেক নেতাকে টাকার বিনিময়ে পদ দিয়েছেন।

 

এ ছাড়া, মনির জমির দালালি এবং তদবির-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ আছে। তার চেষ্টা এখন কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনের এমপি হওয়া।

 

আওয়ামী লীগ নেতারা বলছেন, ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’-এর মতো সংগঠনের সঙ্গে সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই। যারা এ ধরনের ভুঁইফোঁড় সংগঠন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *