ঈদ যাত্রায় মানুষের ব্যাপক ভোগান্তি, দুঃখ প্রকাশ করে যা বললেন ওবায়দুল কাদের

নজর২৪, ঢাকা- ঈদুল আজহা উদযাপনে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে যানজটের কারণে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখী যাত্রীদের। এ ভোগান্তিতে পড়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

মঙ্গলবার (২০ জুলাই) মন্ত্রীর বাসভবনে অনলাইনে ব্রিফিংকালে তিনি দুঃখ প্রকাশ করেন।

 

সেতুমন্ত্রী বলেন, লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহী ট্রাক, লরি এবং কাভার্ডভ্যান চলাচল করছে। তাই যানবাহনের চাপ বেশি। যারা ঈদযাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়। সেজন্য নিজেকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে এবং নিজে ও অন্যকে সতর্ক রাখতে হবে।

 

মহাসড়কে ভোগান্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বৃষ্টি এবং ধীরগতির কোরবানির পশুবাহী গাড়ির কারণে ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কিছু জায়গায় ভোগান্তি হয়েছে ও হচ্ছে। কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে।

 

‘ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে। এ জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে’, যোগ করেন মন্ত্রী।

 

করোনার এ পরিস্থিতিতে কোনোভাবেই অসতর্ক হওয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

 

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে শর্ত মেনে যানবাহন চালোনার অনুরোধ জানান মন্ত্রী। এ সময় রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত না মানা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএর প্রতি নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *