নজর২৪, ঢাকা- দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় সাম্প্রতিক সময়ে অস্থিরতা তৈরির বিষয়ে তার ছেলে মাওলানা মাহফুজুল হক বলেন, আল্লাহ তায়ালা আমাদের কাছ থেকে কুরবানী নিচ্ছেন। এই সামান্য কোরবানির মাধ্যমে আশা করি আল্লাহ তায়ালা আমাদেরকে বড় বড় কুরবানীকারীদের মধ্যে অন্তর্ভুক করবেন।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল রাজধানীর মোহাম্মদপুরের জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার কর্তৃত্ব হারাচ্ছেন আলোচিত হেফাজত নেতা মামুনুল হক ও তার বড় ভাই মাহফুজুল হক। তাই হলো।
মাদ্রাসাটি ছেড়ে দিয়েছেন মুহতামিম মাহফুজুল হক। সোমবার সকাল ৯টার দিকে অনুসারী শিক্ষক-ছাত্রদের নিয়ে মাদ্রাসাটি ছেড়ে যান তিনি। পরে মাদ্রাসার প্রধান ফটকে তালা দেয়া হয়।
মাদ্রাসার চাবি সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান মাহফুজুল। তিনি বলেন, ‘মাহমুদুল হাসান সাহেব অন্যান্য শীর্ষ অলেমদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি কল্যাণকর এবং সুন্দর একটা সমাধান আমাদেরকে দেবেন বলে আমরা প্রত্যাশা করি।’
এর আগে সকাল পৌনে ৯টার দিকে মাদ্রাসা থেকে ফেসবুক লাইভে আসেন মাহফুজুল হক। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিভিন্নভাবে কথা আসছে, আমাদের এ প্রতিষ্ঠান ছাড়তে হবে। এ ভবন আমাদের ছাড়তে হবে। আমরা লক্ষ্য করছিলাম। আমাদের কাছে নিয়মতান্ত্রিকভাবে কোনো নোটিশ আসেনি। আমাদের দেশের শীর্ষ আলেমরা এ বিষয়টি নিয়ে কোনো পরামর্শও করছেন না।’
চলমান অবস্থার অবসান হওয়া দরকার উল্লেখ করে মাহফুজুল হক বলেন, ইতোমধ্যে আমাদের উপস্থিত শিক্ষক ও ছাত্ররা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশপাশে চলে যাচ্ছেন। আমরা অল্প সময়ের মধ্যে মাদরাসার সব গেটে তালা দিয়ে শীর্ষ আলেমদের কাছে চাবি হস্তান্তর করবো। এ সময় মাদরাসার ছাত্র ও শিক্ষকদের অধৈর্য না হওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন,আল্লাহ তায়ালার দ্বীনের খেদমত কোন দেশ, এলাকা বা সীমানার গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। শাইখুল আল্লামা আজিজুল হক হাদিস রহ. যে এলমি ধারা রেখে গেছেন তা আমরা যেন অব্যাহত রাখতে পারি। আমরা আনন্দচিত্তে আল্লাহতালার দিনের জন্য এই বিল্ডিং আপাতত কুরবানী করার জন্য প্রস্তুত হচ্ছি’ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘আকস্মিকভাবে আমাদের এই কুরবানি এমন সময়ে হচ্ছে যখন ত্যাগ ও কুরবানির সাথে ওপপ্রোতভাবে জড়িত জিলহজ মাস চলছে। আল্লাহ তায়ালা আমাদের কবুল করুন’।
