পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া সেই মোবাইল ৪৯ দিন পর উদ্ধার

নজর২৪, ঢাকা- ছিনতাই হওয়ার ৪৯ দিন পর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আইফোন উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ।

 

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

 

৩০ মে সন্ধ্যার পর বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল ফোনটি। ছিনতাইয়ের ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলাও হয়। পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল।

 

সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন বলে জানিয়েছিল পুলিশ। তবে মোবাইল ফোনটি বন্ধ থাকায় সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।

 

সর্বশেষ আজ সোমবার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ।

 

বিভিন্ন সময়ে পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

 

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *