নজর২৪ ডেস্ক- প্রাণঘাতি করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যেও কোরবানি ঈদে মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে ৮ দিনের জন্য চলমান কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে শর্তসাপেক্ষে চলবে গণপরিহন। তবে ঈদের পর ফের ১৪ দিনের জন্য কঠোর লকডাউন দেয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (১২ জুলাই) দুপুরে একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি মিললেই যেকোনো সময় জারি হবে প্রজ্ঞাপন।
ঈদের সময় আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট শপিং মল। এই সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।
১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত শাটডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বা শাটডাউনে যাবে দেশ।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একজন কর্মকর্তা বলেন, রোজার ঈদে মানুষজন যেভাবে বাড়ি গিয়েছেন সে বিষয়গুলোকে এবার চিন্তার রেখেছেন সরকারের নীতি নির্ধারকেরা। তাই গণপরিবহন খুলে দেয়াকে বেটার ডিসিশন হিসেবে দেখছেন তারা।
