ফাইনালেও জিততে চাই: আর্জেন্টাইন গোলরক্ষক

স্পোর্টস আপডেট ডেস্ক- কলম্বিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস পেনাল্টি শুটআউট জয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। টাইব্রেকারে কলম্বিয়ার ৩টি শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সেমিফাইনাল শেষে স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন অ্যাস্টন ভিলার এই শট-স্টপার। ।

 

তিনটি শট ঠেকিয়ে আর্জেন্টিনার হয়ে কোনো বড় টুর্নামেন্টে এক ম্যাচে সবচেয়ে বেশি শট ঠেকানোর রেকর্ড নিজের করে নিয়েছেন মার্তিনেজ। ১৯৯০ এর সেমিফাইনালে সের্হিও গয়কোচিয়া ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে সের্হিও রোমেরো দুটি করে শট ঠেকিয়েছিলেন।

 

অথচ আর্জেন্টিনার এক নম্বর গোলকিপার মার্তিনেজ ছিল না। মাত্র এক মাস আগে বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলে অভিষেক হয় ২৮ বছর বয়সী এই কিপারের। কোপা আমেরিকার প্রথম ম্যাচ থেকে তাকে খেলান কোচ লিওনেল স্কালোনি।

 

তার অসাধারণ সব সেভের পর দল ফাইনালে ওঠায় প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন গোলকিপার বলেছেন, ‘আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। ওরা দারুণভাবে খেলে আমাদের পেনাল্টিতে নিয়ে গেছে। ভাগ্যের প্রশ্নটা আসে এখানেই। গৌরবান্বিত হওয়াটা আজ আমার ভাগ্যে লেখা ছিল।’

 

তিনি বলেন, ‘আমি আরও অনেক দিন আগে এমন কিছুর জন্যই ঘর ছেড়েছিলাম। আমরা ৪০ দিন বন্দি অবস্থায় ছিলাম। আমার মনে হয় আমরা একমাত্র দল যারা অন্য কাউকে দেখিনি।’

 

মার্টিনেজ আরও বলেন, ‘৭০ জন সদস্য এখানে একটি স্বপ্ন নিয়ে এসেছে। আমরা ফাইনাল খেলতে চেয়েছি। আর সেখানে যদি প্রতিপক্ষ ব্রাজিল হয়, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তারা দারুণ দল, প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমাদের একজন ভালো কোচ আছে এবং আমরা বিশ্বসেরা।’

 

তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচটায় ফাউল হয়েছে ৪৬টি! হলুদ কার্ডও বেরিয়েছে ১০টি! এমন ম্যাচ জেতার পর অশ্রুসিক্ত নয়নে মার্তিনেজ বলেছেন, ‘আমাদের দলটা অসাধারণ, ফেভারিট। পাশাপাশি কোচও মহান একজন। দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাই আমরা ফাইনাল জেতার চেষ্টা করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *