Home প্রধান খবর এবার পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‍্যাব

এবার পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‍্যাব

0
69

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনে বিধিনিষেধ মানা নিশ্চিত করতে সারা দেশে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‌্যাব।

 

শনিবার (৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর রাসেল স্কয়ারে বিধিনিষেধে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন।

 

তিনি বলেন, শাটডাউনে মূল সড়কগুলোতে মানুষের অযথা চলাচল কম থাকলেও পাড়া-মহল্লায় দিনভর জটলা লেগে থাকে। এমন বাস্তবতায় দেশজুড়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে র‌্যাব।

 

খন্দকার আল মঈন বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।

 

লকডাউন বাস্তবায়নে র‍্যাব এখন পর্যন্ত ৪ শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উল্লেখ করে কামান্ডার খন্দকার আল মঈন বলেন, লকডাউনের নিয়ম না মানায় দেশব্যাপী ৪ শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত দেখা গেছে। তাই সবার প্রতি অনুরোধ পরিবারের কথা বিবেচনা করে হলেও এই ক’দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। অন্যথায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে আসার আগে ১০টি চেকপোস্ট পর্যালোচনা করেছি, পাড়া-মহল্লায় গিয়েছি। আপনারা যথার্থই বলেছেন, পাড়া-মহল্লায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। আজ থেকে পাড়া-মহল্লায় স্পেশাল অভিযান পরিচালনা করা হবে। নাগরিকদের অনুরোধ করব পাড়া-মহল্লায় আপনারা জমায়েত হবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here