নজর২৪, ঢাকা- করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীতে ২৪৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বৃস্পতিবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮টি বিভাগে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ২৪৯ জনকে, সাজা দেয়া হয়েছে আটজনকে। ৫৬ জনকে ৬ হাজার ২০৭ টাকা এবং ১০টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, জরিমানা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। রেকারিং করা হয়েছে ৪৬টি গাড়ি আর জব্দ করা হয়েছে ছয়টি গাড়ি।
এর আগে বুধবার শাটডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছিলেন আইজিপি বেনজীর আহমেদ।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন, ‘কেউ অকারণে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নেব। অকারণে বের হলেই বেশ আইনি ঝামেলায় পড়তে হবে। যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘আমরা দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী কেউ বাইরে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে, যেটি আমরা এর আগে কখনো করিনি।
‘এবারে আমরা এই অবস্থান পর্যন্ত যাব। আপনারা এমনও শুনতে পারেন ডিএমপি প্রথম দিন ৫ হাজার লোক গ্রেপ্তার করেছে। এবার আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব।’
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবিলায় সরকার ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন দিয়েছে, যা পরিচিতি পেয়েছে শাটডাউন হিসেবে। এ সময়ে জরুরি পরিষেবার দপ্তর ছাড়া বন্ধ থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস। জরুরি পণ্যবাহী যানও সচল থাকবে এ সময়ে।
