নজর২৪, ঢাকা- করোনা ভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে আগামী বৃহস্পতিবার থেকে জারি করা কঠোর লকডাউনের মধ্যে সারা দেশের সব আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রত্যেক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট এবং ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী জেলা/ মহানগরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপমিস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
এছাড়া হাইকোর্ট বিভাগের তিনটি বেঞ্চে ভার্চুয়ালি বিচার কাজ চলবে।
বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম ১ থেকে ৭ জুলাই পর্যন্ত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে পরিচালিত হবে। এ লক্ষ্যে আগামী ৬ ও ৭ জুলাই আপিল বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফৌজদারি আপিল ও জেল আপিল শুনানি হবে।
শুনানিতে বিচারপতিসহ আইনজীবীদের নিজ নিজ বাসা থেকে ভার্চুয়ালি অংশ নিতে বলা হয়েছে। এ ছাড়া হাইকোর্ট বিভাগের তিনটি বেঞ্চ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
