দুবাইয়ে ৬ মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ২ হাজার অমুসলিম

ধর্ম ও জীবন ডেস্ক- ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলামী বিশ্বাস অনুসারে, আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ইসলামের বাণীই প্রচার করে গেছেন। যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছেন।

 

নতুন খবর হচ্ছে, গত ছয় মাসে দুবাইয়ে দুই হাজারের বেশি লোক ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মে প্রতি আকৃষ্ট হয়েই তারা আগের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তারা দুবাইয়ে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক।

 

সোমবার (২৮ জুন) খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানা গেছে। এর আগে দুবাইয়ের ‘মুহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল’ এক ঘোষণায় এই তথ্য প্রকাশ করে।

 

দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই সেন্টারের অফিসিয়াল পরিসংখ্যানে জানা গেছে, এই বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দুই হাজার ২৭ জনের বেশি মানুষ এই সেন্টারে কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেছেন।

 

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের (আইএসিএডি) আওতাধীন এই কেন্দ্রটি নওমুসলিমদের ইসলামের উদার ও সহনশীল নীতিগুলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এছাড়াও তাদের সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় সহায়তা প্রদান করেছে।

 

সেন্টারটি নতুন মুসলমানদের শিক্ষাদানের মাধ্যমে তাদের ইসলামি সংস্কৃতি ও উদার-মহৎ শিক্ষার প্রসার ঘটাতে আগ্রহী করে তোলে। পাশাপাশি প্রকৃত ইসলাম ধর্মকে জানতে ইচ্ছুক এমন অন্যান্য ধর্মের অনুসারীদের কাছে ইসলামের নীতিগুলি ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করে।

 

সেন্টারটির পরিচালক হিন্দ মুহাম্মদ লুতাহ বলেন, ‘দুবাইতে বসবাসরত সব সম্প্রদায়ের মাঝে জনসচেতনতা বাড়াতে এবং ইসলামী মূল্যবোধ ও রীতিনীতি প্রসারে ইসলামিক কালচারাল সেন্টার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সব ধরনের প্রযুক্তিগত উপায় ও সুবিধা এবং মানবসম্পদ ব্যবহার করা হয়।

 

মুহাম্মদ লুতাহ জোর দিয়ে আরও বলেন, কেন্দ্রটি নতুন মুসলমানদের ইসলামের উদার ও সুমহান নীতিগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় নানা সহযোগিতা দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *