নজর২৪, ঢাকা- জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বক্তব্য দেয়ার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠানা জাফরুল্লাহ চৌধুরীকে হুমকি দিয়েছেন ছাত্রদলের এক সহসভাপতি।
বিএনপির শরিক জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে ‘উল্টাপাল্টা’ বক্তব্য রাখেন অভিযোগ করে ওই নেতা বলেন, ‘আপনার কিছু হলে আমরা দায়ী না।’
ওই নেতার নাম ওমর ফারুক কাউসার। তিনি জাফরুল্লাহর সঙ্গে কিছুক্ষণ বাদানুবাদের পর সেমিনার ত্যাগ করেন।
শনিবার (২৬ জুন) দুপুরে শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি করোনাকালীন শিক্ষা বাজেট ২০২১-২০২২ নিয়ে বৈঠক চলাকালে ওই ছাত্রদল নেতা জাফরুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আমাদের নেতাকে (তারেক জিয়া) নিয়ে ওলট-পালট কথা বলবেন না। কখনোই কথা বলবেন না।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমার কথা শেষ হোক, বুঝেন, এরপর কথা বলেন।’ তখন ওই যুবক বলেন, ‘আমরা সব বুঝি, আমরা অবশ্যই বুঝি, আমাদের নেতাকে নিয়ে কথা বলবেন না। আপনাকে নিয়ে কথা বলুন। পরবর্তী সময়ে আপনার কিছু হলে আমরা দায়ী না।’
তখন জাফরুল্লাহ বলেন, ‘আপনারা কেন দায়ী হবেন।’ পরে ওই যুবক দ্রুতগতিতে জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করেন।
এরপর আরও ২ মিনিট জাফরুল্লাহ চৌধুরী বক্তব্য চালিয়ে যান। আলোচনায় আরও বক্তব্য রাখেন, ইআরআই চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলার ড. আনোয়ার উল্লাহ চৌধুরীসহ প্রমুখ।
এর আগে বৈঠকে জাফরুল্লাহ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হবে না। কারণ বিএনপির তো আসার ইচ্ছে নেই। বিএনপিকে তো ক্ষমতায় আসতে হবে। আগ্রহ থাকতে হবে। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়া। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার চেহারার দিকে লক্ষ্য করে দেখেছেন? তাকে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হচ্ছে। বিএনপির লোকেরা সেটাও উপলব্ধী করে না।
