নজর২৪, ঢাকা- আশঙ্কাজনক হারে বাড়ছে মহামারী করোভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে ভাইরাসটির নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামীকাল (শনিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
কত দিনের জন্য এই লকডাউন থাকবে? এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ২৮ জুন থেকে আগামী এক সপ্তাহের জন্য সারাদেশে কঠোর লকডাউন থাকবে। পরে পরিস্থিতি অনুযায়ী আমরা এটি আরো বাড়াব। এই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
তবে বাজেটের কাজে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক শাখা, জাতীয় রাজস্ব বোর্ডসহ কয়েকটি অফিস আগামী ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। আগামীকাল (শনিবার) প্রজ্ঞাপন জারি। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে। এছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।
প্রসঙ্গত, সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করার কথা ঘোষণা দিয়েছে সরকার। এর আগে ৩০ জুন পর্যন্ত সাতটি জেলার কঠোর লকডাউন জারি করা হয়।
