ধর্ষণের জন্য নারীদের ছোট পোশাকই দায়ী: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক- প্রায়ই বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ধর্ষণ নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের মুখে পাক প্রধানমন্ত্রী। ইমরান খানের দাবি, পাকিস্তানে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়া মহিলাদের পোশাকের সঙ্গে সম্পর্কিত।

 

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এইচবিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘যদি মহিলারা ছোট পোশাক পরেন, সেটার প্রভাব পুরুষদের উপর পড়বে। যদি কেউ রোবট হন, তবে অবশ্য তার উপর প্রভাব পড়বে না। এটা সাধারণ জ্ঞানের বিষয়।’

 

টেলিভিশন চ্যানেলটিতে সরাসরি সম্প্রচার হওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল- পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্থার ঘটনা নিয়ন্ত্রণ করতে তার সরকার এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে। জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ‘এ ধরনের আচরণ হলো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের একটি দেশীয় সংস্করণ। আমাদের সংস্কৃতিতে যে বিষয়টি গ্রহণীয় তা অন্য সংস্কৃতিতেও আবশ্যকভাবে গ্রহণীয় হবে, এটা সম্ভব নয়।’

 

তিনি এটাও বলেন যে, কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দাপ্রথা চালু হয়। কিন্তু এই সংবরণের জন্য ইচ্ছাশক্তি সবার নেই।

 

মাসখানেক আগেও এমন মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি দেশটিতে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেন। তখন ইমরান খান মন্তব্য করেন, যৌন সহিংসতা বৃদ্ধির জন্য অশ্লীলতা ও তার চর্চাই দায়ী। অশ্লীলতা ও অপকর্মের প্রসাররোধে তিনি নারীদের পর্দা করে চলার পরামর্শ দেন।

 

তিনি বলেন, পর্দাপ্রথার মাধ্যমে অশ্লীলতা ও অপকর্মের প্রসার রোধ করা যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *