Home জাতীয় আবু ত্ব-হার নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি : স্বরাষ্ট্রমন্ত্রী

আবু ত্ব-হার নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি : স্বরাষ্ট্রমন্ত্রী

0
60

নজর২৪, গাজীপুর- ছয় দিন ধরে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 

তিনি বলেছেন, ‘বক্তা আবু ত্ব-হা আদনানের নিখোঁজের বিষয়ে শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’

 

বুধবার (১৬ জুন) গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১ তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনান নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। তাঁর নিখোঁজের রহস্য উদঘাটন করা হবে। তিনি বলেন, ‘ত্ব-হা কোথায় কী অবস্থায় আছেন, তাঁর রহস্য উদঘাটন করা হবে।

 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্রামক সংক্রান্ত আইনের বিষয়টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-বিজিবি, আনসার সেভাবেই দায়িত্ব পালন করছে।

 

বার ও রিসোর্টে আইন-শৃঙ্খলার অবনতি সম্পর্কে তিনি বলেন, বার ও রিসোর্ট যাই হোক আইশৃঙ্খলার অবনতি হলেই সেখানে ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন।

 

নিখোঁজের ছয় দিন পরেও আবু ত্ব-হার কোনো হদিস বা সন্ধান দিতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আবু ত্ব-হা ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছেন তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

 

আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজেরা হলেন- আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ।

 

এদিকে, স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন।

 

চিঠিতে সাবেকুন নাহার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারো সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি। আবু ত্ব-হা কোনো অপরাধ করে থাকলে তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।

 

এছাড়াও মঙ্গলবার (১৫ জুন) সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here