ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলা: নুরসহ ৪ জনকে অব্যাহতি

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের মামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৪ জনকে অব্যাহতির সুপারিশ করে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে দুই আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান চার্জশিট দাখিল করেন। গত ৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল দাখিল করেন তিনি। আজ সোমবার (১৪ জুন) আদালতের সংশ্লিষ্ট জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেছে পুলিশ।

 

তবে এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছে পুলিশ।

 

অভিযোগপত্রে অব্যাহতি দেয়া অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘গত ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেছি। সোহাগের বিরুদ্ধে ধর্ষণ ও মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চার্জশিট দাখিল করেছি। ভিপি নুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করেছি।’

 

২০২০ সালের ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *