টিকার ঘাটতি দূর না হলে সামনে বিপদ: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক- কোভিড মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে মাত্র ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ । কিন্তু তা যথেষ্ট নয় বলে সাফ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

 

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বের জন্য অনেক বেশি টিকার প্রয়োজন। টিকার ঘাটতি দূর না করা গেলে এই ভাইরাস সামনে অধিক শক্তিশালী ও সংক্রামক হয়ে উঠতে পারে।

 

উন্নত দেশগুলোকে সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, উন্নয়নশীল দেশগুলোর জনগণকে যদি দ্রুত টিকার আওতায় না আনা যায়, সেক্ষেত্রে সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের অভিযোজনের হার ক্রমাগত বাড়তে থাকবে।

 

এর ফলে, প্রাণঘাতী এই ভাইরাসটির এমন অনেক নতুন অভিযোজিত ধরন (ভ্যারিয়েন্ট) পৃথিবীতে দেখা দিতে পারে, যেগুলোর ক্ষেত্রে বাজারে বর্তমান প্রচলিত করোনা টিকাগুলো কোনো কাজে আসবে না।

 

বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমাদের আরও বেশি টিকার ডোজ প্রয়োজন এবং পাশাপাশি প্রয়োজন একটি বৈশ্বিক টিকাদান পরিকল্পনা। মহামারিকে নিয়ন্ত্রণে আনতে হলে অবশ্যই আমাদের যৌক্তিক পথে এগোতে হবে।’

 

‘বর্তমানে আমরা এক ধরনের জরুরি অবস্থার মধ্যে আছি। যুদ্ধ অর্থনীতিতে যেমন সমরাস্ত্র নির্মাণকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে করোনা টিকার উৎপাদন ও বিতরণকেও আমাদের সেভাবে গুরুত্ব দেওয়া উচিত; কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও আমরা এই বোধ থেকে অনেক দূরে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *