কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস আপডেট ডেস্ক- ১৯৯৩ সালে এসেছে সবশেষ শিরোপা। এরপর শুধুই হাহাকারের গল্প। কয়েক দফা ট্রফি জয়ের মঞ্চে উঠলেও আক্ষেপ আর হতাশায় শেষ হয়েছে পথচলা। সেই পথের ইতি টেনে সাফল্যের গল্প লিখতে আরেকটি কোপা আমেরিকার মিশনে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই মিশনের জন্য দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘোষণা করেছে ২৮ সদস্যের দল।

 

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেললেও কোপার দল থেকে বাদ পড়েছেন লুকাস ওকাম্পস ও হুয়ান ফয়েথ। তাদের বদলে স্কোয়াডে ফ্রাঙ্কো আরমানি ও লুকাস আলারিওকে দলে টেনেছেন কোচ লিওনেল স্কালোনি।

 

আরমানি স্কোয়াডে আসায় আর্জেন্টিনা দলে এখন গোলকিপার চার জন। আরমানি বাদেও আছেন এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন মার্চেসিন ও হুয়ান মুসো।

 

ওকাম্পস ও ফয়েথকে বাদ দেয়ার সিদ্ধান্ত আসে আচমকাই। বিশেষ করে ফয়েথের বাদ পড়াটা সবাইকে অবাক করেছে। কারণ আর্জেন্টাইন এ রাইট ব্যাক ছিলেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের ইউরোপা লিগ জেতার অন্যতম কারিগর।

 

অন্যদিকে মে মাসের মাঝামাঝি করোনাভাইরাসে আক্রান্ত হন আরমানি। সাম্প্রতিক পরীক্ষায়ও পজেটিভ ফল এসেছে তার। এছাড়া, এ মৌসুমে আর্জেন্টাইন লিগে ১৩ ম্যাচ খেলে ১১ গোল খেয়েছেন আরমানি।

 

বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচই ড্র করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোল হজম করে ২-২ গোলে ড্র করে আলবিসেলেস্তেরা।

 

আর্জেন্টিনার ২৮ সদস্যের কোপা আমেরিকা স্কোয়াড

 

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন মার্চেসিন, হুয়ান মুসো, ফ্রাঙ্কো আরমানি

 

ডিফেন্ডার: গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেজ্জেলা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো

 

মিডফিল্ডার: মার্কাস অ্যাকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজেকুয়েল প্যালাসিওস, গিদো রদ্রিগেজ, নিকোলা ডমিংগেজ, আলেহান্দ্রো গোমেজ

 

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, নিকোলাস গঞ্জালেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *