Home আন্তর্জাতিক ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার প্রধান কারণ জানিয়ে দিলো কাতার

ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার প্রধান কারণ জানিয়ে দিলো কাতার

0
73

আন্তর্জাতিক ডেস্ক- ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার। পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইসরাইলের সঙ্গে সম্পর্ক করবে না বলে ঘোষণা দেয়ার কয়েক দিন পর কাতার এই কথা বলল।

 

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না করা পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার।

 

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার প্রধান কারণ হলো ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব।

 

গতকাল (শুক্রবার) তার এ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেন, যেসব কারণে কাতার এতদিন ইসরাইলকে স্বীকৃতি দেয়নি সেই সব কারণ এখনও রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইসরাইল কোনো পদক্ষেপ নেয় নি।

 

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়ে যাবে না।

 

গত মাসে ইসরাইল শেখ জারাহ বসতি থেকে ফিলিস্তিনি মুসলমানদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে হামাস, ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। টানা ১১ দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাতে ইসরাইল ও হামাস উভয়ই নিজেদের বিজয়ী দাবি করেন।

 

ইসরাইলি বিমান হামলা এবং গোলার আঘাতে ২৮০ জনের অধিক ফিলিস্তিনি নিহতসহ উনিশ’র বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলায় ইসরাইলের দুইজন শিশুসহ ১২ জন নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here