‘ইসরাইলকে উৎখাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতেই হবে’

আন্তর্জাতিক ডেস্ক- ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুতি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলকে উৎখাত করার জন্য অবশ্যই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

ইয়েমেনের রাজধানী সানা থেকে বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া বক্তৃতায় আব্দুল মালেক আল-হুতি মুসলিম বিশ্বের প্রতি এই আহ্বান জানান। একইসঙ্গে তিনি ইহুদিবাদী ইসরাইলের সরকারকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ রাখেন।

 

মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেসব আরব দেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করেছে তাদের নিন্দা জানিয়ে আব্দুল মালেক বলেন, যারা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে এ ব্যাপারে সহযোগিতা করছে তারা মধ্যপ্রাচ্যের জনগণের বিরুদ্ধে অপরাধ করছে।

 

তিনি সুস্পষ্ট করে বলেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে আরব দেশগুলো ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে আমেরিকা এবং ইসরাইলের কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করার তৎপরতা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের প্রতিরোধকারী সংগঠনগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক অবস্থান নিয়েছে।

 

তিনি আরো বলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন এবং পরবর্তীতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর প্রতিরোধ অন্য মুসলিম দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ঠেকিয়ে রেখেছে।

 

আব্দুল মালিক আল-হুথি তার বক্তৃতার এ পর্যায়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূঁয়সী প্রশংসা করে বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি এই দেশটির সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *