মালিতে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক- পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান চালানো হয়েছে। ২৪ মে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ওইদিনই ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।

 

ক্ষমতা দখলের পর দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

 

বেশ কয়েকটি কূটনৈতিক এবং সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আটককৃতদের রাজধানী বামাকোর বাইরে কাটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।

 

এদিকে এ ঘটনায় দেশটিতে অবস্থিত জাতিসংঘের মিশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মুক্তি দাবি করা হয়েছে। শান্ত পরিস্থিতি ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

 

এ ছাড়া আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন এবং ইকনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের পক্ষ থেকেও নেতাদের মুক্তির আহ্বান জানানো হয়েছে।

 

মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে আটকের এই ঘটনা নতুন করে দেশটির রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত করে তুলল। গত বছরের আগস্ট মাসে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয় এবং অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *