Home প্রধান খবর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ৫১টি বাস আটকে দিল পুলিশ

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ৫১টি বাস আটকে দিল পুলিশ

0
67

নজর২৪, বগুড়া- নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গের থেকে ঢাকার দিকে যাওয়ার সময় বিভিন্ন জেলার দূরপাল্লার প্রায় ৫১টি বাস ফিরিয়ে দিয়েছে পুলিশ।

 

রোববার (০৯ মে) সকাল ১০টার দিকে শহরের বনানী এলাকার বেতগাড়ী ২য় বাইপাসে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে বাসগুলোকে আটকে দেওয়া হয়।

 

এদিকে বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে আনুমানিক সকাল ১০টার দিকে আটকে দেওয়া বাসের শ্রমিকেরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। পরে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক বাসগুলোকে নিজ নিজ জেলার দিকে ফিরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

 

জানা যায়, আন্তজেলা যাত্রীপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে রোববার ভোরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাসগুলো ঢাকায় প্রবেশের জন্য বের হয়। পরে বগুড়া জেলা পুলিশ বনানী এলাকার বেতগাড়ীতে চেকপোস্ট বসিয়ে ৫১টি বাস আটকে দেয়। এতে বাস শ্রমিকরা বাসগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রায় ১ ঘণ্টা ওই রাস্তা অবরোধ করে রাখে। ওই সময় আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, আটকে দেওয়া বাসগুলো যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পরে বাসগুলোর স্টাফদের সতর্ক করে তাদের নিজ নিজ জেলার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, জেলা পুলিশের পক্ষ থেকে এখনও শহরের বনানী বেতগাড়ি দ্বিতীয় বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো রয়েছে। যাতে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো বাস নিজ জেলার বাহিরে যেতে না পারে এবং অন্য জেলার বাস বগুড়ায় প্রবেশ করতে না পারে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত জেলা পুলিশের চেকপোস্ট থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here