নজর২৪ ডেস্ক- অবশেষে দল ছাড়ছেন বিএনপির যুগ্ম-মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন প্রভাবশালী এ নেতা। সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক ও পারিবারিকভাবে রয়েছেন দারুন চাপে। আগামী কয়েকদিনের মধ্যেই বিএনপি ত্যাগের ঘোষণা দিতে পারেন তিনি।
আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ এক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সিনিয়র নেতাদের পরস্পরের প্রতি বৈরী মনোভাবের কারণে দলে আগের মতো ভূমিকা রাখতে পারবেন না বলে মনে করেন আসলাম চৌধুরী। তাই তিনি বিএনপি’র রাজনীতি ছাড়ার চিন্তা-ভাবনা করছেন। তবে দলীয় চেয়ারপারসনের প্রতি আন্তরিক শ্রদ্ধার কারণে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছেন- দলীয় চেয়ারপারসন শেষ বয়সে কষ্ট পাবেন বলে।
উল্লেখ্য, ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর সঙ্গে সম্পর্ক তৈরি করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী। গ্রেপ্তারের পর থেকে প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন তিনি।
আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ ওই নেতা জানান, কারাবন্দি থাকার সুযোগে দলের সুযোগসন্ধানীরা দখল করতে থাকে আসলাম চৌধুরীর সাজানো বাগান। এরই মধ্যে বেহাত হয়ে গেছে তার নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি। এমনকি নতুন করে গঠন করা কমিটি থেকে আসলাম চৌধুরীর অনুসারী বেশিরভাগ নেতাকর্মীকে বাদ দেয়া হয়।
অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটি পুনর্গঠনের ক্ষেত্রেও কেন্দ্র তার মতামতকে অগ্রাহ্য করে। আন্দোলন, সংগ্রামে যারা ভূমিকা রেখেছিলো তাদেরকে কমিটিতে আনতে না পেরে তিনি ক্ষুব্ধ ও হতাশ দল নিয়ে। কমিটিতে যারা ঠাঁই পেয়েছেন তাদেরও করা হয় অবমূল্যায়ন। তার নির্বাচিত এলাকা সীতাকুন্ডের বিভিন্ন কমিটির ক্ষেত্রেও তার মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়।
আসলাম চৌধুরীর পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন কারাগারে আটক থাকলেও তার মুক্তির বিষয়ে দলের নেতৃবৃন্দ জোরালো ভূমিকা রাখেনি। ব্যক্তিগত উদ্যোগে কারাগার থেকে জামিনে বের হলেও ফের গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি থাকায় স্থবির গেছে তার ব্যবসা-বাণিজ্য। লোকসান গুনতে গুনতে বন্ধ প্রায় তার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। তার উপর রয়েছে বিপুল পরিমাণ ব্যাংক ঋণের বোঝা। সম্প্রতি আসলাম চৌধুরীর মেয়ে মেহরীন আনহার উজমা ফেসবুকে হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়ে বাবার মুক্তির আকুতি জানিয়েছে।
আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, রাজনীতি ছাড়ার বিষয়ে পরিবার থেকেও চাপে রয়েছেন তিনি । সব মিলিয়ে বিএনপি ছাড়ছেন আসলাম চৌধুরী।
